চিরকুট পড়েছিল টেবিলে, মরদেহ ঝুলছিল সিলিং ফ্যানে
নরসিংদীর শিবপুরে টেবিলে পড়ে ছিল চিরকুট আর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুলশিক্ষকের মরদেহ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শিবপুর উপজেলার কলেজগেইটের পাশে এক বাড়ি থেকে সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া চিরকুটে কি লেখা ছিল তা কিন্তু প্রকাশ করেনি পুলিশ।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
নিহত বিল্লাল হোসাইন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই স্কুলে ২০১৬ সালে যোগদান করেন এবং কলেজগেইট নামক স্থানে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করতেন। মো. বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গংসিগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে বলে জানা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের নেয় বৃহস্পতিবারও স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সকালে দীর্ঘ সময় ধরে তার ঘরের দরজা-জানালা বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীর। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেলে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা স্থানীয় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
আরও পড়ুন: শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ
শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।
এবিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।





