ইট ছুড়ে মোটরসাইকেল আরোহীকে আহতের ঘটনায় গ্রেফতার ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্‌ঘাটনসহ দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ১। মো. পারভেজ (৩০) ও ২। আনোয়ার হোসেন বাবু (৩২)।

আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিককে ১০ দিনের কারাদণ্ড

কাফরুল থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ( ১০ জুন) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ১০০ গজ পূর্ব পাশে ইব্রাহিমপুর পাকা রাস্তায় ভিকটিম রাফি মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতিকারী পূর্ব শত্রুতার জেরে ভিকটিম রাফির মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে। এতে ভিকটিম রাফি মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই দুষ্কৃতিকারীরাই ঘটনাস্থল থেকে একটি অটোরিকশায় করে ভিকটিমকে নিয়ে যায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভিকটিম রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

কাফরুল থানা সূত্রে আরও জানা যায়,  মামলাটি তদন্তকালে কাফরুল থানা পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে। তারা হলো- ১। মোঃ পারভেজ ২।  মোঃ ফয়সাল ওরফে কালু ৩। আনোয়ার হোসেন বাবু ও ৪। আমিন। ঘটনার তদন্তের ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (১১ জুন) কাফরুল থানা পুলিশের একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মোঃ পারভেজকে গ্রেফতার করে। অপর একটি অভিযানিক দল ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করে। ঘটনাস্থলের নিকটবর্তী স্থান থেকে ভিকটিমের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

প্রাথমিক তদন্তে জানা যায়, পারভেজ পূর্বে ভিকটিম রাফির বাসায় ভাড়া থাকত। ভাড়া থাকা অবস্থায় তার সাথে রাফির পরিচয় হয়। পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল । এ নিয়ে রাফির সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়।

গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় রাফির সাথে পারভেজ ও কালুর কথাকাটাকাটি হয়। এর জেরে তারা রাফিকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরদিন রাত ০১:০০ ঘটিকার দিকে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেওড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। রাফি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে আমিন তার গতিরোধের চেষ্টা করে এবং মোটরসাইকেল না থামালে পারভেজ ইট দিয়ে তার মাথায় আঘাত করে।

ঘটনার পর আসামিরা বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে এবং আশপাশের লোকজনকে জানায় যে ওপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছে। পরে তারা রাফিকে অটোরিকশায় করে নিয়ে গিয়ে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যায়।

গ্রেফতারকৃত পারভেজ ও কালুর বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।