ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ১১:৫২ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য জলোচ্ছ্বাসের ঝুঁকিতে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: ইরাকে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, জাপান এবং ইন্দোনেশিয়া সরকার সুনামি সতর্কতা জারি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে, তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: ইরান থেকে জব্দ করা অর্থ আরব দেশগুলোকে দেবে যুক্তরাষ্ট্র

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় জনগণকে কোনো ধরনের বিলম্ব না করে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও জনগণকে সুনামি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি।

ভূমিকম্পের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো। সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জলোচ্ছ্বাসের প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।