৪৩ লাখ টাকার ডাকাতি মামলায় দীর্ঘদিনের পলাতক বাচ্চু সরদার র‍্যাবের জালে

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত মোঃ বাচ্চু সরদারকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। সোমবার রাতে বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ বাচ্চু সরদার (৩৫) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া এলাকার মোঃ আলম সরদারের ছেলে।

বুধবার (১ জুলাই) র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-৮, সিপিএসসি, বরিশালের একটি যৌথ আভিযানিক দল ৩০ জুন রাতে কালিজিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাউফল থানার ডাকাতি মামলার পলাতক অভিযুক্ত বাচ্চু সরদারকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সম্পৃক্ততার আশঙ্কা

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার (৬৫) ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাতনামা ৬/৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিম মোঃ আজাহার জোমাদ্দার বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‍্যাব-৮, বরিশাল মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

আরও পড়ুন: রেলক্রসিংয়ে ওত পেতে আছে মৃত্যু

র‍্যাব জানায়, ডাকাতির ঘটনার পর অভিযুক্ত বাচ্চু সরদার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গ্রেফতার এড়াতে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮, বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বিষয়টি নিশ্চিত করেছেন।