অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় দুই পুলিশ কারাগারে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযানের নামে একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: পুলিশ কমিশনার

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুই সোর্সকে সঙ্গে নিয়ে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে সুমা আক্তারের বাড়িতে যান এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম। অভিযানের সময় তারা স্বর্ণালংকার চুরি করেছেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাস করেছে এনসিপির লোকজন

এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু করা হয়। মামলার তদন্তে অভিযোগের ভিত্তিতে দুই পুলিশ সদস্য ও দুই সোর্সকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এর আগে গত ২ জুলাই বিকেলে ফতুল্লার জামতলা এলাকায় সাদা পোশাকে অভিযানে গেলে স্থানীয় লোকজন দুই পুলিশ সদস্য ও দুই সোর্সকে আটক করে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী তদন্তে স্বর্ণ চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।