সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ২৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর (কাশিকাপন) এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

শেরপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই  ৮ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। আহত ২৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।