নরওয়ের আধুনিক মৎস্যপ্রযুক্তি আসছে বাংলাদেশে, প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশের মৎস্য খাতে নরওয়ের আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।
বৈঠকে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, মাছ উৎপাদন, গবেষণা ও প্রযুক্তি বিনিময় এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মাছ আহরণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান
নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের মৎস্য খাতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে নরওয়ের মৎস্য প্রযুক্তি সংস্থা নোরাস ওয়াটারটেক এএস-এর আঞ্চলিক প্রতিনিধি অ্যাজাইল রিসোর্সেস আধুনিক স্থলভিত্তিক মৎস্যচাষ পদ্ধতি উপস্থাপন করে। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কাজের ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, যুগ্মসচিব বেবী রাণী কর্মকার, নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, অ্যাজাইল রিসোর্সেসের প্রতিষ্ঠাতা ও সিইও কামরুজ্জামান খান সোহেল এবং গ্যালান্সের সিইও কবীর আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।





