চরভদ্রাসনে ৩০ লাখ টাকার ব্রিজে নেই সংযোগ সড়ক

Sadek Ali
মোস্তফা কামাল, চরভদ্রাসন (ফরিদপুর)
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৪২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর এলাকায় ৩০ লক্ষাধিক টাকায় ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হলেও আজও নির্মাণ করা হয়নি যাতায়াতের উপযোগী সংযোগ সড়ক। বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নামে সীমাহীন হরিলুটের  ফলে জনসাধারণের চলাচলের সুবিধার্থে নির্মিত ব্রিজটি কাঙ্ক্ষিত সুফল দিতে পারছে না। সংযোগ সড়কের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোটি।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির দুই প্রান্তে উপযুক্ত সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনকি সাধারণ মানুষকেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, কৃষক, রোগী, বয়স্ক ব্যক্তি এবং কর্মজীবী মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির বলেন,

আরও পড়ুন: মিয়ানমারে ইউরিয়া সার পাচারকালে আটক ৪

“ব্রিজটি নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় মানুষ এর সুফল পাচ্ছে না। বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানিয়েছি। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সংযোগ সড়ক নির্মাণ হলেই  এই ব্রিজটি প্রকৃত অর্থে জনসাধারণের কাজে আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা প্রকল্প কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুন্নাহার ও কোনো তথ্য দিতে পারেনি।উপজেলা প্রকল্প কর্মকর্তার অফিস সহকারী মানিককে ও  অফিসে পাওয়া যায়নি ।

এ ব্যাপারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, হরিরামপুর চরের ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রিজ টি জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।