রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৫৩ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দুটি গ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আলোচনায় ৩ নাম

জমা হওয়া মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা। সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণার সময় জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, তফসিল ঘোষণার প্রস্তুতি

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। কমিশন জানিয়েছে, আপাতত নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপের অগ্রগতি ও হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের ধাপ শেষ হওয়ার অপেক্ষা। এরপর নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় সংসদে ভোটগ্রহণের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।