চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ, নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজের পর শিপইয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কিশোরগঞ্জ
আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আল আমিন হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ফেরদৌস স্টিল লিমিটেডের শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, জাহাজের ভেতরে বিপুল পরিমাণ গ্যাস জমে থাকায় উদ্ধারকাজে অংশ নেওয়া লোকজনও আক্রান্ত হন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া গেলে প্রাণহানি কমানো সম্ভব হতে পারত বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা গুরুতর।
কুমিরা ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহতদেরও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় জাহাজের ভেতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।
এদিকে দুর্ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গ্যাস লিকেজের প্রকৃত কারণ এবং দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।





