ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের মতবিনিময়
গাজীপুরের উন্নয়নে কাজ করার প্রত্যয় সদস্যদের
গাজীপুরের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সদস্যরা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় সভায় তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় গাজীপুরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেইসঙ্গে এসব সমস্যা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের জন্য ফোরাম নেতাদের উদ্যোগ নিতে অনুরোধ করেন সদস্যরা।
সাংবাদিকরা বলেন, গাজীপুর ঢাকার পাশের জেলা হলেও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এই জেলার ওপর দিয়ে উত্তরাঞ্চলের জেলাগুলোর লোকজন চলাচল করলেও রাস্তা ভাঙা-চোরা ও বেদখল হওয়ার কারণে সারাক্ষণ যানজট লেগে থাকে। মাদক, ছিনতাই, চাঁদাবাজি এখানকার নিত্যদিনের সমস্যা। সেইসঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাতও বেড়েছে। তাই এসব সমস্যা সমাধানে ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান ফোরাম নেতারা।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরে ক্ষতি ২১ কোটি টাকা, মামলায় আসামি ৮০২৬ জন
সভায় গাজীপুরের স্থানীয়দের মধ্যে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়। সেইসঙ্গে আগামী ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি নির্বাচনের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পুনর্গঠিত কমিটিতে পূর্বে থেকে দায়িত্বে থাকা সিনিয়র সাংবাদিক ফয়সাল আলমকে সভাপতি ও রাশেদুল হককে সাধারণ সম্পাদক রেখে সিনিয়র সহসভাপতি করা হয় যুগান্তরের অনলাইন ইনচার্জ আতাউর রহমানকে। সেইসঙ্গে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশ রূপান্তরের ফয়সাল খান, অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে আজকের পত্রিকার এস এম নূর মোহাম্মদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে সময়ের আলোর সাব্বির আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে চ্যানেল ওয়ানের শাহ আলম (জয়), স্টার নিউজের আল আমিন, সময় টিভির জাকারিয়া হারুন ও ঢাকা পোস্টের রাকিবুল হাসান তামিমকে দায়িত্ব দেওয়া হয়।





