সাভার-আশুলিয়া-ধামরাইয়ে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা

Shahrier Islam Pallab
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩১ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নেওয়া নানা পদক্ষেপের তথ্য তুলে ধরেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানাধীন কবিরপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন: নিকলীতে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, সাভারে পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আটজনসহ মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাভারের একটি মাদ্রাসায় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি জানান, গত আগস্ট মাসে সাভারে বিভিন্ন মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: চবিতে ব্যানার টানাতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

এ সময় ৩২২টি মোবাইল ফোন উদ্ধার, ১৫৪ জন ভিকটিমকে উদ্ধার এবং ৩৭৯টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। একই সময়ে ১১৯টি মামলা নিষ্পত্তির পাশাপাশি লুণ্ঠিত একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এসপি বলেন, আশুলিয়ার জামগড়ায় নারী, পুরুষ ও নবজাতকসহ তিনজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুটি বাসে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, গত দুই মাসে আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১৪ জন ছিনতাইকারী ও ১২ জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

ধামরাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পুলিশ সুপার জানান, সেখানে নৌ-ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চীনা নাগরিকদের হুমকি দেওয়ার অভিযোগে জড়িত একজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছেন। একই সঙ্গে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, সাভার ও আশুলিয়াসহ ঢাকা জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

অপরাধ নিয়ন্ত্রণে জননিরাপত্তা আরও জোরদার করতে জনবহুল এলাকায় নতুন করে পুলিশ ফাঁড়ি স্থাপনের কথাও জানান পুলিশ সুপার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন এবং কবিরপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীরসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।