ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি টাকা মুল্যের ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩

Sadek Ali
চন্দন কুমার দেব, নাসিরনগর
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরার বিশাল চালান উদ্ধার করেছে র‌্যাব ও বিজিবির যৌথ আভিযানিক দল। এ সময় তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এবং ২৫ বিজিবি, সরাইলের একটি যৌথ আভিযানিক দল সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে অবস্থানকালে জানতে পারে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একটি ট্রাকে করে চোরাচালানের মালামাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছে।

আরও পড়ুন: কুমিল্লায় ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ১

এ সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি সকাল আনুমানিক সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি ট্রাক সিগন্যাল দিয়ে থামানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থেকে নেমে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা ট্রাকে ভারতীয় জিরা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে ট্রাকটি তল্লাশি করে ৩৩৪টি বস্তার ভেতর থেকে মোট ১০ হাজার ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সিলেটের দক্ষিণ সুরমা থানার লক্ষ্মীপুর এলাকার মৃত সুফি মিয়ার ছেলে এম ফয়সাল আবির (৩৩), রাজশাহীর এয়ারপোর্ট থানার বাঘাটা এলাকার মো. হারুনের ছেলে মো. হাবিব (৩২) এবং একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে আজিজুল হাকিম (২৫)।র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা পরস্পর যোগসাজশে এসব পণ্য চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় যুবককে গুলি করে হত্যা