দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, সংকটের শঙ্কা নেই: কৃষিমন্ত্রী
দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে কেউ সার মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি পরিদর্শনে ফুলগাজীতে যান তিনি।
আরও পড়ুন: টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু
মন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। ফলে সার পাওয়া নিয়ে কৃষকদের কোনো ধরনের আতঙ্ক বা উদ্বেগের কারণ নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, প্রথম ধাপে সারাদেশে এক লাখ ১০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ফেনী জেলার প্রায় সাড়ে সাত হাজার কৃষক এ কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের দিন আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
এর আগে কৃষিমন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সমাবেশস্থল পরিদর্শন করেন এবং সেখানে চলমান প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





