৮৮ কেজি গাঁজা নিয়ে ধরা পড়ল নারী

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী কথিত মাদক কারবারি কবির হোসেন পালিয়ে যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

আরও পড়ুন: প্রণোদনা প্যাকেজে উদ্যোক্তা নির্বাচনে তদবির চলবে না

পুলিশ সুপার জানান, শ্রীপুরের বরমী এলাকায় কাজল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন কবির হোসেন ও তার স্ত্রী তাহমিনা। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদের খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন ও তাহমিনা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাহমিনাকে আটক করতে সক্ষম হলেও কবির হোসেন পালিয়ে যায়। পরে তাহমিনাকে সঙ্গে নিয়ে ওই ঘরে তল্লাশি চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অপ্রতিমের মাকে কী জবাব দেবো, জানি না: এমপি মনিরুল

এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সুপার আরও জানান, পলাতক কবির হোসেনের বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারসহ এলাকার চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মো. আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।