প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে কুমিল্লায় নেতাকর্মীদের ঢল, দেবিদ্বারের সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি
মহাসড়কজুড়ে বিএনপির জনস্রোত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মহাসড়কের দুই পাশে জড়ো হন তারা।
প্রধানমন্ত্রীর গাড়িবহর মহাসড়ক দিয়ে অতিক্রম করার সময় নেতাকর্মীরা দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়িবহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে উচ্ছ্বাসমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরও পড়ুন: বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে, আইন সবার জন্য সমান: তারেক রহমান
এরই অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাহারপাড়সহ মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তাকে শুভেচ্ছা জানাতে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দেবিদ্বার উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আয়োজিত অবস্থানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীসহ দেবিদ্বার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ বন্দরে ব্যাবসায়ীর অফিসে ভাংচুর, তালা ঝুলিয়েছে এমপি পুত্র আশার লোকজন
দলীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর কুমিল্লার মহাসড়ক অতিক্রম করার সময় তাকে স্বাগত জানাতেই তারা সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। বিশেষ করে দেবিদ্বারের সাহারপাড় এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর সামনে এগিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের প্রতি শুভেচ্ছা জানান। কয়েক মুহূর্তের এই শুভেচ্ছা বিনিময়কে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।





