চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি, বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো চাঁদাবাজির কাজে ব্যবহার করা হতো। চাঁদা না দিলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে রাসেল রানার বিরুদ্ধে।

আরও পড়ুন: বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে, আইন সবার জন্য সমান: তারেক রহমান

গ্রেপ্তার রাসেল রানা গাজীপুর সদর উপজেলার জানাকুর গ্রামের মো. আসাদ উল্ল্যাহর ছেলে।

দেবজিত পাল জানান, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ বন্দরে ব্যাবসায়ীর অফিসে ভাংচুর, তালা ঝুলিয়েছে এমপি পুত্র আশার লোকজন

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআরবি-১ গাজীপুর ও উত্তরা বিশেষ টিম রাসেল রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এসআরবি জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।