বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে, আইন সবার জন্য সমান: তারেক রহমান
বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইন সবার জন্য সমান—এটি নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে। একই সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাবিতে আইকিউএসির বিশেষ সেমিনার
তারেক রহমান বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। তাঁর ভাষ্য, গত ১৭ বছর দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ ওই সরকারের অবসান ঘটিয়েছে। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি দায়িত্ব পাওয়ার পর সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে, আইন সবার জন্য সমান এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন: সিলেটে ভারতীয় শটগান-গুলি ও মদসহ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ
প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি পরিবর্তন করে ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার।
দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে দাবি করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্ধ মিল-কারখানা চালুসহ সরকারের বিভিন্ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হলে এর ক্ষতি দেশের সাধারণ মানুষেরই হবে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে কোনো নির্দিষ্ট দলের নাম না নিয়ে প্রধানমন্ত্রী ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ শব্দ ব্যবহার করেন। ১৯৭১ সালের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি ওই রাজনৈতিক শক্তির বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তোলেন।
তিনি বলেন, বর্তমানে একটি ঘটনার তদন্ত চলছে। তদন্তাধীন বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে বিভিন্ন মাধ্যমে ওই ঘটনার বিষয়ে নানা কথা বলা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে তিনি দেখেছেন, ওই দলের নেতারা সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন। তাদের আগে নিজেদের ঘরের পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ফেনীর উত্তরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি গত ১৬ জুন একনেকে অনুমোদন পায়।
প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো পুনর্বাসনের কাজ করার কথা রয়েছে।
পরশুরামের কর্মসূচি শেষে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।





