ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন ফাতিমা জাহরা এল মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, ৫০ বছর বয়সী এল মানসুরিকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি নগর পরিকল্পনা, আবাসন ও নগর উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মারাকেশের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
নিজের নিয়োগের পর এক টেলিভিশন ভাষণে এল মানসুরি বলেন, এটি তার দেশের জন্য ‘সত্যিই ঐতিহাসিক’ ঘটনা। প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ায় তিনি গর্বিত বলেও জানান।
গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষণার চার দিন পর তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনে এল মানসুরির দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের মধ্যে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসন অর্জন করে।
আরও পড়ুন: রাশিয়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের তুলনায় পিএএমের আসন সংখ্যা অনেক কম। ফলে সরকার গঠন করতে দলটিকে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করতে হবে। নতুন সরকার গঠনই হবে এল মানসুরির প্রথম বড় দায়িত্ব।
২০০৮ সালে রাজা ষষ্ঠ মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী ফুয়াদ আলি এল হিম্মা পিএএম প্রতিষ্ঠা করেন। দলটি সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) ও ফেডারেশন অব ডেমোক্রেটিক লেফটসহ কয়েকটি দল বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।
নতুন সরকারকে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বড় অঙ্কের বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। মরক্কো স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে।
এল মানসুরি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তিউনিসিয়ার নাজলা বুদেন ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৬ সালে মারাকেশে জন্ম নেওয়া এল মানসুরি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ফ্রান্সের ইউনিভার্সিটি অব মন্টপেলিয়ের থেকে উচ্চতর আইন বিষয়ে ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনে ডিপ্লোমা অর্জন করেন।
২০০৯ সালে তিনি প্রথমবার মারাকেশের মেয়র নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি শহরটির প্রথম নারী মেয়র হন। ২০২১ সালের নির্বাচনের পর তিনি আবারও মারাকেশের পৌর পরিষদের নেতৃত্বে ফেরেন। একই সময়ে তিনি একাধিক মেয়াদে পার্লামেন্ট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২১ সালের অক্টোবরে জাতীয় সরকারের দায়িত্বে আসেন এল মানসুরি। তাকে জাতীয় ভূমি পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগর নীতিবিষয়ক মন্ত্রী করা হয়। মন্ত্রী হিসেবে তিনি সরাসরি আবাসন সহায়তা কর্মসূচি, নগর পরিকল্পনা ও ভূমি উন্নয়নসংক্রান্ত সংস্কার এবং আল হাউজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেন।
সূত্র: আল-জাজিরা





