টঙ্গী রেলস্টেশনে যুবককে কুপিয়ে হত্যা

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে জয় (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: কুমিল্লা, বাগেরহাট, নেত্রকোনা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ

পুলিশ জানায়, সোমবার রাতে বাসায় ফেরার পথে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: গাজীপুরে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ জন গ্রেপ্তার

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর আলম হোসেন জানান, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।