মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৭ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে। তবে তার মৃত্যুর তাৎক্ষণিক কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: বেলুচিস্তানে ৭১ ‘সন্ত্রাসী’ নিহতের দাবি পাকিস্তানের

মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন সিতি হাসমাহ। দেশটির শুরুর দিকের নারী চিকিৎসকদের মধ্যে তিনি অন্যতম। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর দীর্ঘ কর্মজীবনে চিকিৎসাসেবা, জনস্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।

বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা ও শিশুর সুরক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জনস্বাস্থ্য নিয়ে কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন সিতি হাসমাহ।

আরও পড়ুন: সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মাহাথির মোহাম্মদের দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকার সময়ে দেশটির ফার্স্ট লেডি হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এ সময় বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন সিতি হাসমাহ।

তার মৃত্যুতে মালয়েশিয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।