চুয়াডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Sadek Ali
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৯ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় ইমদাদুল হক (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাইস খন্দকারের বিরুদ্ধে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১০ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে।

আরও পড়ুন: মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ৪৬ বিজিবি

ঘটনার পর পুলিশ লাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাইস খন্দকার (২৫) নামে এক যুবককে আটক করে। আটক নাইস খন্দকার একই গ্রামের মৃত মজনু খন্দকারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে দু’জন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকানে বসা ছিলেন। তুচ্ছ বিষয় নিয়ে মজা করার সময় তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। পরে নাইসের মায়ের কাছে অভিযোগ দিতে যান ইমদাদুল। এসময় নাইস বাটাম হাতে তাড়া করলে দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যান। তখন হাতে থাকা বাটাম দিয়ে ইমদাদুলের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন নাইস। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলা, আহত ২

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নাইসকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।