সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক উদ্ধারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অভিযানে যান ওই দুই সদস্য। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।

পরে স্থানীয় মাদক কারবারিরা রোহিতকে আটক করেন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন। এরপর স্থানীয় ব্যক্তিরা দুজনকে বিএসএফের কাছে হস্তান্তর করেন। বিএসএফ সদস্যরা পরে তাদের নিয়ে যান।

আরও পড়ুন: মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক ৪৬ বিজিবি

ওসি মো. ফারুক হোসেন জানান, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।