‘কেমন পুলিশ চাই’ জনমত জরিপের ফল প্রকাশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘কেমন পুলিশ চাই’ শীর্ষক পুলিশ সংস্কার কমিশন পরিচালিত জনমত জরিপের ফল প্রকাশ করা হয়েছে। জরিপের ফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইট (www.prc.mhapsd.gov.bd)-এ পাওয়া যাবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার কার্যক্রম চলমান।

আরও পড়ুন: ডিএমপির ৭ সহকারী কমিশনারকে বদলি

এতে আরও বলা হয়, পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে জনমত জরিপ পরিচালনা করেছে।

জরিপে অংশ নিয়েছেন ২৪ হাজার ৪৪২ জন উত্তরদাতা। এর মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের অংশগ্রহণের হার ৮৬.৬ শতাংশ। উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ৩৬.৪ শতাংশ, ছাত্র ২৭.২ শতাংশ, ব্যবসায়ী ৭.৬ শতাংশ। উত্তরদাতাদের সর্বাধিক ঢাকা জেলার বাসিন্দা। পরবর্তী অবস্থানে রয়েছেন যথাক্রমে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বাসিন্দারা।

আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করল আনসার-ভিডিপি, প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রাখার অঙ্গীকার

জরিপে উঠে এসেছে, পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান ৮৯.৫ শতাংশ উত্তরদাতা। ক্ষমতার অপব্যবহার করে পুলিশের দুর্নীতি বন্ধ চেয়েছেন ৭৭.৯ শতাংশ উত্তরদাতা। এছাড়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত মানবাধিকারের চরম লঙ্ঘন বিবেচনায় অপরাধী পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে মত দিয়েছেন ৭৪.৯ শতাংশ উত্তরদাতা। ভুয়া এবং গায়েবি মামলার অবসান চেয়েছেন ৯৫ শতাংশ উত্তরদাতা।