টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ডিএমপির আহ্বান
টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। রোববার (১২ জুলাই) বেলা ১১টার পর ট্রাফিক গুলশান বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ট্রাফিক আপডেটে এ আহ্বান জানানো হয়।
ডিএমপি জানায়, টানা বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে এসব সড়কে যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট দেখা দিয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি
বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী গাড়িগুলোকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
বর্তমান পরিস্থিতিতে মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর
ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের সদস্যরা মাঠে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীর ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে পুলিশ।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে জলাবদ্ধতা ও যানজটের পরিস্থিতি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।





