সরকারবিরোধী ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের ১ শতাংশেরও কম কর্মকর্তা খারাপ। তাঁদের কেউ কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে দাবি করেন তিনি। এসব অসৎ পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান আইজিপি। কিছু ‘হলুদ সাংবাদিক’ রয়েছেন, যারা সরকারকে চাপে ফেলতে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছেন। পাশাপাশি কিছু কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁদেরও চিহ্নিত করা প্রয়োজন বলে জানান আইজিপি।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থীকে নিয়ে ছড়ানো ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ বলল আনসার
শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি আলী হোসেন ফকির বলেন, আগেও শিশু নিখোঁজের ঘটনা ঘটত। তবে বর্তমানে এসব ঘটনা গণমাধ্যমে বেশি প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে মনে করে। তাঁর দাবি, নিখোঁজ শিশুদের মধ্যে ৮৭ শতাংশের খোঁজ পাওয়া গেছে।
আরও পড়ুন: কালো ধোঁয়ার যানবাহনে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি
এর আগে সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আইজিপি। সেখানে তিনি মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিষয়ে কথা বলেন।
আইজিপি বলেন, একাধিকবার গ্রেপ্তার করার পরও আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘ সময় কারাগারে রাখা যাচ্ছে না। দেশে বিশেষ করে রাজধানী ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে।





