ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী হচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রায় চূড়ান্ত হলেও আগামী দুই-এক দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে নিজের জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বড় ধরনের প্রকাশ্য প্রচারণা এখনও শুরু না করলেও নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: বৃষ্টি ও জলাবদ্ধতায় অচল ঢাকা, ভোগান্তিতে নগরবাসী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।
বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করা সাদিক কায়েম ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এক তরুণ নেতা। তাকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে ভালো ফল করা সম্ভব। আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পুরোদমে প্রচারণায় নামবেন বলে ধারণা করা হচ্ছে।





