ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় বসছে ২৮ পশুর হাট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ২:৫৪ অপরাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ঢাকায় মোট ২৮টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২টি অস্থায়ী পশুর হাট বসবে।

ডিএনসিসি এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ বিভিন্ন স্থানে এসব হাট বসবে বলে জানানো হয়েছে। দুই সিটি করপোরেশনই দাবি করেছে, হাট ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: সবুজবাগে অজ্ঞাত নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পশুর হাট বরাদ্দে কোনো ধরনের গোপনীয়তা নেই। সম্পূর্ণ টেন্ডার প্রক্রিয়ায় প্রকাশ্যে ইজারা দেওয়া হয় এবং সকল অংশগ্রহণকারীর উপস্থিতিতেই দরপত্র খোলা হয়। তিনি জানান, আগ্রহীদের আপিল ও যাচাই-বাছাই শেষে ফাইল প্রক্রিয়া সম্পন্ন করে ইজারা চূড়ান্ত করা হয়। তিন ধাপে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে উত্তর সিটির ১৬টি হাটের মধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবার চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে ডিএসসিসির ৫০০ গাছের চারা রোপণ, সবুজ নগর গড়ার আহ্বান

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, তাদের ১২টি অস্থায়ী পশুর হাটের ইজারাও সম্পূর্ণ ওপেন টেন্ডারের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। কোনো রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে কোনো অবস্থাতেই হাট বসতে দেওয়া হবে না। পাশাপাশি প্রতিটি হাটের জন্য নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এর বাইরে কোনো হাট বসানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।