ঈদের ছুটি শেষ, সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ ছুটির আমেজ কাটিয়ে সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। এর মধ্য দিয়ে দেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে।
চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ উপভোগ করেছেন। ছুটি শেষে সোমবার থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরবেন।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ফিরতি যাত্রা শুরু, স্বস্তিতে যাত্রীরা
ঈদের ছুটির সময় জরুরি সেবা নিশ্চিত করতে কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছিল। তবে সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক নিয়মে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শুরু হবে। একই সঙ্গে দেশের প্রধান দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)—নিয়মিত লেনদেনও শুরু হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রতি বছরের মতো ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস ও ব্যাংকপাড়ায় কাজের চাপ তুলনামূলক কম থাকতে পারে। কারণ এদিন সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সময় কাটানোর প্রবণতা দেখা যায়। তবে ছুটির কারণে জমে থাকা দাপ্তরিক ও বাণিজ্যিক কাজ দ্রুত সম্পন্ন করতে সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যস্ততা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
আরও পড়ুন: ঈদে কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১হাজার ২৫০ জনকে খাবার দিল আনসার ও ভিডিপি
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রাও শুরু হয়েছে। শনিবার ও রোববার দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।
ছুটি শেষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় সোমবার থেকে সারাদেশে কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





