মাস্ক পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Shahrier Islam Pallab
জাহিদুল হক, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৫ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কোনো পূর্বঘোষণা ছাড়াই মাস্ক পরে ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ ও নানা অব্যবস্থাপনার চিত্র পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসব অনিয়মের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে হাসপাতালটিতে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরীসহ পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পান তিনি। পরে উপস্থিতি খাতা যাচাই করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পাঁচ সিদ্ধান্ত

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, রান্নাঘর, শৌচাগার ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন মন্ত্রী। রান্নাঘরের পাশে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি শৌচাগার ও গোসলখানার অপরিচ্ছন্ন পরিবেশ এবং দীর্ঘদিনেও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়ায় ক্ষোভ জানান।

এ ছাড়া সরকারি বরাদ্দের টিকা ও ভ্যাকসিন যথাযথভাবে সংরক্ষণ না করে নিচে ফেলে রাখা অবস্থায় দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে সতর্ক করে টিকা সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। শিশু ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা ও রেক্সিনের চাদর সরবরাহের পাশাপাশি চিকিৎসা পরীক্ষার যন্ত্রপাতির সংকট সমাধানের আশ্বাসও দেন।

আরও পড়ুন: ধুনটের পিআইও বিরুদ্ধে দায়িত্বহীনতা ও অর্থ আত্মসাতের অভিযোগ

পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে পাঁচ চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন বিভাগে আরও কিছু অনিয়ম নজরে এসেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালপ্রধানের নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের বিষয়েও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তবে শয্যাসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ ও সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫১-তে উন্নীত করা, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সুবিধা চালুর পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাদ মাহমুদ জয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।