ক্লিন ঢাকা গড়তে দিনে দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নির্দেশ
রাজধানীকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (৩ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: পল্লবীতে বৃদ্ধার করুণ মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়
নির্দেশনায় বলা হয়, পরিচ্ছন্ন ঢাকা মহানগরী নিশ্চিত করতে নগরীর ময়লা ও বর্জ্য যথাসময়ে অপসারণ করা অত্যন্ত জরুরি। দিনের বেলায় রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের চলাচল ও সমাগমের কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এ প্রেক্ষাপটে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের মাধ্যমে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রিকশা ও অটোরিকশা লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক
স্থানীয় সরকার বিভাগ মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর সড়ক, ফুটপাত, বাজার ও জনসমাগমস্থলগুলো আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। একই সঙ্গে নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা রাখবে।
নির্দেশনায় রাজধানীর ময়লা ও বর্জ্য অপসারণসহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।





