ডিএসসিসি এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২৮ জুন প্রায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন (রবিবার) এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) নগর ভবন অডিটোরিয়ামে ডিএসসিসির উদ্যোগে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচি বাস্তবায়নে প্রায় ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শিশুস্বাস্থ্যে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান বলেন, “ভিটামিন ‘এ’ শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় এই কর্মসূচির সফল বাস্তবায়নে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।”

সভায় আরও জানানো হয়, সরকারের সরবরাহ করা ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষিত এবং শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। এ বিষয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় এই কর্মসূচিতে নগরবাসীর সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।