আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ডাকাতি: প্রধান আসামি গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ১১:২৩ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় মামলার প্রধান আসামি মো. মামুন (৩৫)কে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, আহত ৪

পুলিশ জানায়, গত ১৬ জুন সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে আদাবর থানার শেখেরটেকের মফিজবাগ এলাকার একটি বিকাশ দোকানে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রবেশ করে। এ সময় তারা দোকান মালিক মো. শফিকুল ইসলাম (৩৭)-কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী আদাবর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে এরই মধ্যে এজাহারভুক্ত দুই আসামি এবং সন্দেহভাজন আরও দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: উত্তরা ফ্লাইওভারে মুমূর্ষু অবস্থায় ৯ মাসের শিশু উদ্ধার, চিকিৎসার ব্যবস্থা পুলিশের

তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মামুনকে গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ডিএমপি আরও জানিয়েছে, মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানাও ছিল।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।