সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১
রাজধানীর সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার আওতাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, সংঘর্ষে কিরণ গ্রুপের একজন সদস্য নিহত হন। কাপড় কাটার কাচি দিয়ে তার বুকে আঘাত করা হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
এদিকে নিহত মিতুলের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে অবস্থান করছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’
রাজনৈতিক সংগঠনের নেতা ও স্থানীয়দের বক্তব্যের সঙ্গে পুলিশের প্রাথমিক বক্তব্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। পুলিশ একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও সংঘর্ষে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানায়নি। নিহতের পরিচয়ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় শ্রমিকরা থাকেন। তাদের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল কি না, তা প্রাথমিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





