ঢাকা ওয়াসায় বিক্ষোভ, কর্মকর্তা প্রত্যাহার ও পদোন্নতির দাবি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ওয়াসায় বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর প্রত্যাহার ও বিচারের দাবি এবং দীর্ঘদিন বঞ্চিত কর্মীদের যথাযথ মূল্যায়ন ও পদোন্নতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন-৩১৮৫ (সিবিএ)।

রোববার দুপুরে রাজধানীর কাওরানবাজারে ঢাকা ওয়াসা ভবন প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক দল ঢাকা উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা এবং সদস্য সচিব কামরুজ্জামান কামরুল।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন ঢাকা ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়ন-সিবিএর সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারী।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

বক্তারা ওয়াসায় ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে অভিযুক্ত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে অবিলম্বে প্রত্যাহার করে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান।

একই সঙ্গে ‘ফ্যাসিস্ট আমলে’ বঞ্চিত পাম্প অপারেটরসহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীদের যথাযথ মূল্যায়ন করে প্রাপ্য পদ ও পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিনের বঞ্চনা দূর করা প্রয়োজন। যোগ্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতির ব্যবস্থা করা হলে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও বাড়বে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন-৩১৮৫ ও সিবিএর সভাপতি আজিজুল আলম খান।