সাদাকাত খান ফাক্কু ও ইমরান বাহিনীর বিরুদ্ধে হামলা ও গুলির অভিযোগ এলাকাবাসীর

মিরপুর-১১তে মৃতদেহ গোসলের ঘর নির্মাণ ঘিরে বিরোধ, চাঁদা দাবির অভিযোগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:১০ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার মিরপুর-১১-এর ব্লক-বি, রোড-৪ এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার করে নারী ও পুরুষের জন্য পৃথক লাশ গোসলের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় যুবসমাজ। তবে এ উদ্যোগকে কেন্দ্র করে সাদাকাত খান ফাক্কু ও ইমরান বাহিনীর বিরুদ্ধে বাধা, চাঁদা দাবি, মারধর ও গুলি ছোড়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, লাশ গোসলের ঘর নির্মাণে বাধা দিয়ে ওই জায়গার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে জায়গাটি ময়লার ভাগাড় হিসেবে পড়ে ছিল। পরে এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে জায়গাটি পরিষ্কার করে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য লাশ গোসলের ঘর নির্মাণের কাজ শুরু করা হয়।

আরও পড়ুন: ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

স্থানীয়দের ভাষ্য, ক্যাম্প এলাকায় জায়গার সংকট থাকায় মৃত ব্যক্তির শেষ গোসল করানোর জন্য একটি নির্দিষ্ট স্থান দীর্ঘদিনের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন বিবেচনায় নিয়েই এলাকাবাসী ও যুবসমাজ সম্মিলিতভাবে এ উদ্যোগ নিয়েছেন।

এলাকাবাসীর দাবি, ওই স্থানে ইতোমধ্যে দুটি পানির পাম্প রয়েছে। ফলে নতুন করে সেখানে পানির পাম্প স্থাপনের প্রয়োজন নেই। তাঁদের মতে, জায়গাটি দখল বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার না করে নারী ও পুরুষের জন্য পৃথক লাশ গোসলের ঘর নির্মাণ করাই জনস্বার্থে সবচেয়ে প্রয়োজনীয়।

আরও পড়ুন: উত্তরার বার থেকে কীভাবে মিরপুর গেলেন ‘অচেতন’ তরুণী

তবে এলাকাবাসীর অভিযোগ, আজ ২৯ আগস্ট ২০২৬ লাশ গোসলের ঘর নির্মাণের কাজকে কেন্দ্র করে সাদাকাত খান ফাক্কু ও ইমরান বাহিনীর লোকজন সেখানে গিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয় কয়েকজনকে মারধর এবং গুলি ছোড়ার অভিযোগও করেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, সাদাকাত খান ফাক্কু ও ইমরান বাহিনী প্রভাব খাটিয়ে লাশ গোসলের ঘর নির্মাণের উদ্যোগ বন্ধ করার চেষ্টা করছে। তাঁদের দাবি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং জনকল্যাণমূলক লাশ গোসলের ঘর নির্মাণের কাজ নির্বিঘ্নে শেষ করার দাবি জানিয়েছেন।