ছিনতাইকারীদের হামলায় সাংবাদিক আহত, র‍্যাবের টহলে উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৪০ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকায় ছিনতাইকারীদের হামলায় মোহাম্মদ রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে ওই ব্যক্তি তার মেয়েকে বাসে তুলে দিতে গেলে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম বাংলাদেশ জার্নাল-এর কম্পিউটার ইনচার্জ হিসেবে কর্মরত। তিনি গার্ডেন ভিউ, ২১/২১-১, উত্তর শাহজাহানপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ১০ বছর ধরে দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ফেসবুকে ব্ল্যাকমেইল: ভুয়া আইডিতে পর্নোগ্রাফির হুমকি, মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার

ভুক্তভোগীর মেয়ে সানজিদা সুলতানা বলেন, প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য তিনি সকাল ছয়টার দিকে বাসা থেকে বের হন। তার অফিসের গাড়িতে উঠতে হয় রামপুরা থেকে। সে জন্য খিলগাঁও থেকে পাবলিক ট্রান্সপোর্টে করে রামপুরা যেতে হয়।

যাওয়ার পথে বাগিচা মসজিদ–সংলগ্ন রেললাইন পার হওয়ার পর একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক তার সামনে এসে দাঁড়ায়। তাদের মুখ ঢাকা ছিল এবং দুজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা তার সঙ্গে থাকা সাইড ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তার বাবা তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা রামদা ও ছুরি দিয়ে তার বাবার ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার বাবার মাথা ও হাতে মারাত্মক আঘাত লাগে। হামলার পর ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় টহলরত র‍্যাব সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

র‍্যাব-৩ এর সিপিসি-১ কোম্পানির টহল কমান্ডার ডিএডি বিপ্লব ভৌমিক জানায়, উত্তর শাহজাহানপুর এলাকার বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনের ওপর কতিপয় দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি তার মেয়েকে নিরাপদ রাখতে ছিনতাইকারীদের প্রতিরোধ করতে গেলে হামলাকারীরা চাপাতি দিয়ে তার মাথা ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় রফিকুল টহল গাড়ির সামনে এসে সাহায্য চান। তাৎক্ষণিকভাবে টহলরত র‍্যাব সদস্যরা ভিকটিম ও তার মেয়েকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতাল, শাহজাহানপুরে নিয়ে যান। তার মাথা ও হাতে সেলাই দেওয়া হয়।