ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় ১০ জন গ্রেফতার, কাঁচি উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মিতুল ইসলাম (১৮) নামে এক গার্মেন্টসকর্মীকে ধারালো কাঁচি ও কাটার দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রাহিম আহম্মেদ রাফি (১৯), মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)।

আরও পড়ুন: পল্লবীতে গোলাগুলি: ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫, অস্ত্র-ইয়াবা উদ্ধার

পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রেফতার ব্যক্তিরা মিতুল ইসলামকে মার্কেটের ১৪ তলা ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যান।

সেখানে তারা ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের বুকে, পিঠে, বাম পায়ের উরু, ডান পায়ের রানসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আরও পড়ুন: গুলশান বনানীর স্পা সেন্টারের নেপথ্যে জয়

পরে মার্কেটে উপস্থিত লোকজন গুরুতর আহত মিতুলকে উদ্ধার করে রিকশাযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিতুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো কাপড় কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিহত মিতুল ইসলামের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।