গুলশানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। আটক ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)। শনিবার (২৯ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের পাশে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে তাকে আটক করা হয়।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে সাইফ ইমরান গুলশানে পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন। ওই স্থানে পার্কিং করতে নিষেধ করলে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন।

আরও পড়ুন: অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২

এ সময় তিনি দাবি করেন, ডিজিএফআইয়ের গাড়িগুলো সাধারণত ওই স্থানেই পার্কিং করা হয়। পরে একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে সাইফ ইমরান আবারও একই স্থানে মোটরসাইকেল পার্কিং করেন। এতে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়।

পুলিশ তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন। ভুয়া পরিচয় দিয়ে নিজের প্রকৃত পরিচয় গোপন করার অভিযোগে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।

আরও পড়ুন: প্রতিদিন গড়ে ১০টি খুন, নিয়ন্ত্রণে আসছে না সহিংসতা-হত্যাকাণ্ড

পুলিশ জানিয়েছে, আটক সাইফ ইমরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।