ভেনিস বিমানবন্দরে অপ্রত্যাশিত ঘটনা, কী ঘটেছিল সুনেরাহর সাথে
সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েই দারুণ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। নিজের অভিনয়ের প্রশংসা থেকে শুরু করে দেশীয় পোশাকের প্রতি বিদেশিদের আগ্রহ—সবকিছুই ছুঁয়ে গেছে তাকে। এমনকি ভেনিস বিমানবন্দরে এক বাংলাদেশির ভালোবাসায় বিল না দিয়েই ফিরতে হয়েছে তাকে। সব মিলিয়ে বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার এই সফরটি সুনেরাহর কাছে হয়ে উঠেছে বিশেষ এক স্মৃতি
গত ৫ আগস্ট ইতালির ভেনিস বিমানবন্দরে পৌঁছান সুনেরাহ্। পরদিনই ছিল তাঁর অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রিমিয়ার। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে বিমানবন্দরেই কফি ও ড্রিংকস নিয়ে কিছুটা সময় কাটাচ্ছিলেন তিনি। এরপর বিল দিতে গিয়ে ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
আরও পড়ুন: কেন এতটা আপন হয়ে উঠেছিল ‘মনপুরা’?
বিল পরিশোধ করতে গেলে কর্তৃপক্ষ টাকা নিতে অস্বীকৃতি জানায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে জানতে পারেন, সেখানে কর্মরত একজন তাঁকে আগে থেকেই চেনেন। তাঁর অভিনীত নাটক ও সিনেমাও দেখেছেন তিনি। সবচেয়ে বড় কথা, ওই ব্যক্তি নিজেও বাংলাদেশি।
ঘটনাটি স্মরণ করে সুনেরাহ্ বলেন, ‘আমি কফিসহ আরও এটা–ওটা খেয়ে স্বাভাবিকভাবেই বিল দিতে যাব। হঠাৎ দেখি বিল নিচ্ছেন না। তাদের কথায় বুঝতে পারলাম বিল লাগবে না। আমি তো অবাক, কেন লাগবে না! পরে সেখানকার একজন বলছিলেন, “আমি আপনাকে চিনি। আমি আপনার অভিনীত নাটক, সিনেমা দেখেছি। আমিও বাংলাদেশি। এ বিলটা আপনি না দিলেই খুশি হব।” পরে তো তাঁরা বিল নিলেন না। এ ঘটনায় আমি আসলে অভিভূত। আমি সম্মানিত বোধ করেছি।’
আরও পড়ুন: নব্বইয়ের ক্যাম্পাসের প্রেম-বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘চিরকুট’
ভেনিসে যাওয়ার আগে থেকেই বাংলাদেশের সিনেমার পাশাপাশি দেশের সংস্কৃতিকে তুলে ধরার পরিকল্পনা করেছিলেন সুনেরাহ্। তাই উৎসবের বিভিন্ন আয়োজনে তাঁর পোশাকেও ছিল দেশীয় ছোঁয়া। আর সেই পোশাকই নজর কেড়েছে বিদেশিদের।





