ওয়েব ফিল্ম‘সেপারেশন’-এ পরীমনি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪৬ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবার নতুন এক ওয়েব ফিল্মে হাজির হচ্ছেন। পর্দায় নিজের স্বতন্ত্র উপস্থিতি ও অভিনয়গুণে দর্শকের নজর কাড়া এই অভিনেত্রীকে এবার দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’-এ। নতুন এই কাজটি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে শুটিং। ওয়েব ফিল্মটিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্তমানে ওয়েব ফিল্মটির শুটিং চলছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: কেন এতটা আপন হয়ে উঠেছিল ‘মনপুরা’?

নতুন ওয়েব ফিল্মে পরীমনি

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবার এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। ফলে ‘সেপারেশন’ হতে যাচ্ছে তাদের তৃতীয় যৌথ কাজ।

আরও পড়ুন: নব্বইয়ের ক্যাম্পাসের প্রেম-বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘চিরকুট’

তবে ওয়েব ফিল্মটিতে পরীমনির চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও মুখ খোলেননি নির্মাতা বা সংশ্লিষ্টরা। জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ‘সেপারেশন’-এর শুটিং হবে। পরীমনি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শার্লিন ফারজানা।

ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিন প্ল্যাটফর্মে। তবে কবে নাগাদ ‘সেপারেশন’ দর্শকের সামনে আসবে, তা এখনো ঘোষণা করা হয়নি।