আরও কমল এলপি গ্যাসের দাম ১২ কেজি ৯৯৯ টাকা
প্রতি কেজি এলপি গ্যাসের দর ৮৩.২১ টাকা হিসেবে ১২ কেজি নতুন দর নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। গত মাসে ১২ কেজির দর ছিল ১০৭৪টাকা। অন্যদিকে অটোগ্যাস লিটার প্রতি ৫০.০৯ টাকা থেকে কমিয়ে ৪৬.৪৯ টাকা করা হয়েছে। নতুন দর সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হবে।
সোমবার (৩ জুলাই ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মোঃ হেলাল উদ্দিন, আবুল খায়ের মোঃ আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মোঃ খলিলুর রহমান খান।
আরও পড়ুন: বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল
২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয়েছিল আমদানি নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে।সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।
তবে বিইআরসির ঘোষিত দর বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ হচ্ছে বাজারে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা তাদের ইচ্ছামত দর আদায় করছেন। এ বিষয়ে বিইআরসির বক্তব্য হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেসব বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: এক দিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম





