দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য হ্রাস পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, বেড়েছে পেট্রোল-অকটেনের মূল্য
এর আগে গত ২৫ মে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা করা হয়। সেই সময়ে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও বৃদ্ধি পেয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।





