তেলের দাম কমতেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ওপর নতুন করে হামলা চালানো থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এর ইতিবাচক প্রভাবে সোমবার (৩ আগস্ট) বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫.৭৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ফিউচার গোল্ডের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: জুলাইয়ের রেমিট্যান্স নিয়ে এলো সুখবর

এদিকে, ইয়েনকে সহায়তা দিতে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের ফলে মার্কিন ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য সোনা কেনা তুলনামূলকভাবে আরও সাশ্রয়ী হয়ে উঠেছে, যা স্বর্ণের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতে স্বর্ণবাজার ইতিবাচক প্রবণতা দেখালেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং তেলের বাজার ঘিরে অনিশ্চয়তার কারণে দাম বৃদ্ধির গতি কিছুটা সীমিত রয়েছে।

আরও পড়ুন: আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সোমবারই ইরানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। তবে যুদ্ধজনিত মূল্যস্ফীতির আশঙ্কা এখনও বাজারে বিদ্যমান, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়ানোর দিকে ঠেলে দিতে পারে। ফলে শুরু থেকেই মার্কিন-ইরান উত্তেজনা স্বর্ণবাজারে প্রভাব ফেলছে।

অন্যদিকে, গত সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভের তিনজন কর্মকর্তা সতর্ক করে বলেন, ঋণের সুদের হার বাড়ানো না হলে মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে থেকে যেতে পারে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশিত হবে, যা ভবিষ্যতে মার্কিন সুদের হার এবং আন্তর্জাতিক স্বর্ণবাজারের দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮.১৩ ডলারে, প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৯.৩৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৯৪.৯২ ডলারে পৌঁছেছে।