ফজলুর রহমানের বিতর্কিত বক্তব্যের নিন্দা জানিয়ে ছাত্র শিবিরের প্রেস রিলিজ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৪৫ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান কর্তৃক জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (২৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম। সহস্রাধিক মানুষের জীবন ও রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। অথচ সেই আন্দোলনের শক্তিকে ‘কালো শক্তি’ আখ্যায়িত করে আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

শিবিরের শীর্ষ নেতারা অভিযোগ করেন, ফজলুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বক্তব্যের প্রতিধ্বনি করছেন এবং আন্দোলনের নেতৃত্বকে ‘রাজাকারের বাচ্চা’ বলে কটাক্ষ করছেন। তারা বলেন, “একটি দলের উপদেষ্টা পদে থেকে ধারাবাহিকভাবে এমন বক্তব্য দেওয়া হলেও তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি; বরং তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, ফজলুর রহমানের বক্তব্যে ‘ফ্যাসিস্ট হাসিনার প্রতিচ্ছবি’ প্রতিফলিত হচ্ছে। তিনি জুলাই আন্দোলনকে খাটো করার পাশাপাশি শহীদদের রক্তকে অবমূল্যায়ন করছেন। তাদের ভাষ্য, এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধারা উল্টো বিচারের মুখোমুখি হবেন কি না।

ছাত্রশিবির নেতারা অবিলম্বে ফজলুর রহমানকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান, তার কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য।

আরও পড়ুন: শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাবির হল থেকে শিবিরকর্মী বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো “যথোপযুক্ত জবাব দিতে বাধ্য হবে।” 

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একের পর এক বেফাঁস মন্তব্য করে সমালোচনার শিকার হচ্ছেন ফজলুর রহমান।