ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা, নেতৃত্বে আসতে পারেন যারা

Any Akter
শাহরিয়ার ইসলাম
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৫১ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া জোরালো হয়েছে। সংগঠনটির শীর্ষ নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন শীর্ষ নেতা আলোচনায় রয়েছেন। আন্দোলন–সংগ্রামে সক্রিয় এবং দীর্ঘদিন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নেতাদের গুরুত্ব দিয়ে নেতৃত্ব নির্বাচন করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত নেতৃত্বে কারা আসবেন, তা নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

আরও পড়ুন: ঢাবিতে তিন ইউনিটে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভর্তির আবেদন শুরু ১২ মার্চ

ছাত্রদলের ভেতরে নতুন কমিটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা ও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেরই মত, অতীতের আন্দোলনে পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতাদের দায়িত্ব দিলে সংগঠনের সাংগঠনিক শক্তি আরও বাড়বে।

সভাপতি পদে আলোচনায়

আরও পড়ুন: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী

নতুন কমিটির সভাপতি পদে বর্তমান কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, মঞ্জরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়াল, কাজী জিয়া উদ্দিন বাসিত এবং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে খোরশেদ আলম সোহেলকে তুলনামূলকভাবে এগিয়ে রাখা হচ্ছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সভাপতি পদপ্রত্যাশী জহির রায়হান আহমেদ বলেন, আন্দোলন–সংগ্রামে যেসব নেতা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়ন করেই নতুন কমিটি গঠন করা উচিত। এতে সংগঠনের ত্যাগী কর্মীরা উৎসাহিত হবেন।

অন্যদিকে তৌহিদুর রহমান আউয়াল বলেন, সংগঠনের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠন স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা

সাধারণ সম্পাদক পদেও কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ফারুক হোসেন, সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম আখতার শুভ উল্লেখযোগ্য।

দলীয় সূত্র বলছে, সম্ভাব্যদের মধ্যে আমানউল্লাহ আমানকে সাধারণ সম্পাদক পদে তুলনামূলকভাবে এগিয়ে রাখা হচ্ছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রাজু আহমেদ বলেন, আন্দোলন-সংগ্রামে যারা মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়েই নতুন কমিটি গঠন করা হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদের সেই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।