রামগতিতে নেতার আপত্তিকর ভিডিও ফাঁস: দল থেকে সাময়িক অব্যাহতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় লক্ষ্মীপুরের রামগতি উত্তর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও আলেকজান্ডার দারুন কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শাহাদাত হোসেন নামের এক দায়িত্বশীল নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে জেলা শাখা।
সোমবার (৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন।
আরও পড়ুন: মোঘল স্থাপত্য নিদর্শন শেরপুরের ঘাগড়া লস্কর খান বাড়ী জামে মসজিদ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রামগতি উত্তর থানা শাখার ওই নেতাকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও প্রচারিত হওয়ার বিষয়টি জেলা কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এর প্রেক্ষিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে সংগঠনের সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ভিডিওর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট নারীকে নিজের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন। তার এই দাবির সত্যতা যাচাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জেলা শাখা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংগঠনের দলীয় নীতিমালা অনুযায়ী পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জুলাই সন্ত্রাসীকে জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন
এ বিষয়ে জেলা সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই অন্যায় ও নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার এবং আপোষহীন। সংগঠনের কোনো পর্যায়ের দায়িত্বশীলের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না।"
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রকার অপ্রমাণিত তথ্য, গুজব বা বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের জনতাকে অনুরোধ জানানো হয়েছে।





