ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংসের দাবি ইরানের
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, তেলআবিবের দক্ষিণে অবস্থিত ‘হায়েলা’ বা সদত মিচা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
আরও পড়ুন: হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের
আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্যমতে, ওই কেন্দ্রটি ইসরায়েলের বিভিন্ন বিমান ঘাঁটির সঙ্গে যুদ্ধবিমানের যোগাযোগ সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ছিল। স্যাটেলাইট-নির্ভর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এটি ইসরায়েলি যুদ্ধবিমানের কার্যক্রম নিয়ন্ত্রণ ও সমন্বয়ে ভূমিকা রাখত বলে জানানো হয়।
ইরানি পক্ষের দাবি, এই কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ইসরায়েলের বিমানবাহিনীর অপারেশনাল যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদক প্রদান
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। ওই ঘটনার জেরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, সংঘাতের অবসান কাছাকাছি এবং ইরানকে আলোচনার টেবিলে আসতে হবে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধের সমাপ্তি কখন হবে তা ওয়াশিংটন নয়, বরং পরিস্থিতি অনুযায়ী তাদের সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা নিয়ে পর্যবেক্ষণ চলছে।





