বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে নিয়োগ প্রদান করে এক প্রজ্ঞাপন জারি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ।
আজ সোমবার (০৯ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সিদ্ধান্ত বদল ঢাবির, ৯ মার্চ থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি
আদেশে বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে মোট ৪ (চার) বছর হবে। উপাচার্য পদ সংশ্লিষ্ট বেতন-ভাতাদি এবং অন্যান্য বিধিগত সুবিধা তিনি ভোগ করবেন। আইন অনুযায়ী উপাচার্যের অর্পিত সকল দায়িত্ব তিনি পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক। তিনি একজন দক্ষ চিকিৎসক ও শিক্ষক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: ঢাবিতে ক্লাস চলবে ১২ মার্চ পর্যন্ত






