প্রাথমিক বিদ্যালয়ে ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান শিক্ষক সংকট নিরসনে বড় পরিসরে নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট-এর জালালাবাদ গ্যাস মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।
আরও পড়ুন: জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব পবিপ্রবির, শুরু ১৯ মার্চ
মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রায় ৩২ হাজার ৫০০টি প্রধান শিক্ষক পদের মামলা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে পাঠদান স্বাভাবিক রাখতে অবসরপ্রাপ্ত দক্ষ শিক্ষকদের নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পুল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের খণ্ডকালীনভাবে সংকটাপন্ন বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
তিনি আরও বলেন, এর ফলে একদিকে অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতা কাজে লাগবে, অন্যদিকে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বিঘ্ন কমবে।
পাবলিক পরীক্ষার সময় পাঠদান ব্যাহত হওয়ার সমস্যা কমাতে প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী।
শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন এবং স্থানীয় সংসদ সদস্যদের জন্য অনলাইনে বিদ্যালয় পর্যবেক্ষণের সুযোগ রাখা হয়েছে।
সরকারের লক্ষ্য শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা এবং শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি নৈতিক মানোন্নয়ন নিশ্চিত করা—বলেই উল্লেখ করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, এমরান আহমেদ চৌধুরীসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





